• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বিএনপিকে হুঁশিয়ার করলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৭:৩২, ২৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বিএনপিকে হুঁশিয়ার করলেন ওবায়দুল কাদের

ফাইল ছবি

ষড়যন্ত্রের সব পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

রবিবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে না এলে আওয়ামী লীগ নয়, একদিন বিএনপিকেই মাঠ ছেড়ে পালাতে হবে। তারেক রহমানও কিন্তু মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।

বর্তমানের আওয়ামী লীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ধমকের সুরে কথা বলছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। কিন্তু বিএনপি যতো দাবি করুক, আগামী নির্বাচন হবে সংবিধান মেনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।

এসময় বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে আছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, যে বাংলাদেশ এক দশক আগেও ছিলো বিদ্যুৎ সুবিধার বাইরে, সেই বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। যে বিশ্বব্যাংক নানান অপবাদ দিয়ে পদ্মা সেতুর প্রকল্প থেকে সরে গেছে, তারা এখন তাদের ভুল প্রকাশ্যে স্বীকার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনা উদ্যোগের ফলে সবই সম্ভব হয়েছে।

বিভি/এএন

মন্তব্য করুন: