দেশের আকাশে চাঁদ দেখা না গেলেও, চাঁদপুরের ৫০ গ্রামে রোজা শুরু বুধবার
সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে বুধবার থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জসহ জেলার প্রায় ৫০টি গ্রামে আগামীকাল বুধবার থেকে পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শুরু হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী। তিনি জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার খবর পাওয়ার পর দরবার শরিফে তারাবি ও বুধবার থেকে রোজা রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফেও তারাবির নামাজ পড়ানো হয়। দরবার শরিফের পীর ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান রাতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক; মতলব উপজেলার দশানী, মোহনপুরসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কিছু গ্রামের কয়েক হাজার বাসিন্দা আগামীকাল থেকে রোজা পালন করবেন।
উল্লেখ্য, ১৯৩২ সাল থেকে এই নিয়ম প্রবর্তন করেন সাদ্রা দরবার শরিফের তৎকালীন পীর মাওলানা ইসহাক (রহ.)। সেই থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে স্থানীয় একটি বড় জনগোষ্ঠী রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: