হজের নিবন্ধন নিয়ে নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের
২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার ৯ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনসংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যাংকগুলোর অবগতির জন্য পাঠানো হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এ কার্যক্রম শেষ হবে। এরপর নিবন্ধনের সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি আরবে অর্থ প্রেরণ, চিকিৎসা পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৯৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে এ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন ৩ হাজার ৭৮১ জন।
নির্ধারিত সময়ের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের চিঠিতে সার্কুলারের বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: