৬০০ বিশিষ্ট আলেমের বিবৃতি
সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারাকে কার্যকর করার দাবি
ছবি: দেশের বিশিষ্ট আলেমগণ
সাভারের একটি মাদরাসায় সাত বছরের এক শিক্ষার্থীর যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দণ্ডবিধির ৩৭৭ ধারা কার্যকর করার দাবি জানিয়েছেন দেশের ৬০০ জন বিশিষ্ট আলেম। তাদের মধ্যে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও শতাধিক মাদরাসার মুহতামিম রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘মূল্যবোধ আন্দোলন’-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাভারের মাদরাসাটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন সময়ে সাত বছরের শিশুটির ওপর যৌন নিপীড়নের খবর তারা উদ্বেগ ও মর্মাহত হওয়ার সঙ্গে লক্ষ্য করেছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে বলেও উল্লেখ করা হয়।
আলেমরা বলেন, শিশুদের ওপর যেকোনো ধরনের যৌন নিপীড়ন প্রতিরোধে বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগ করা জরুরি। তাদের দাবি, দণ্ডবিধির ৩৭৭ ধারায় প্রকৃতিবিরুদ্ধ যৌন কর্মকাণ্ডের শাস্তির বিধান থাকলেও এর কার্যকর প্রয়োগ হচ্ছে না।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, বিভিন্ন এনজিও ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সমকামী আচরণকে স্বাভাবিকীকরণের কার্যক্রম বাড়ছে। তাদের মতে, এ ধরনের প্রবণতা প্রতিরোধে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের কার্যকর প্রয়োগ প্রয়োজন।
তারা আরও বলেন, বাংলাদেশে কুরআন-সুন্নাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিদ্যমান আইনের আওতায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় বা অন্য যেকোনো প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা ঘটলে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
সাভারের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ৩৭৭ ধারাসহ প্রযোজ্য অন্যান্য আইনে বিচারের মুখোমুখি করারও দাবি জানানো হয়। একই সঙ্গে সমকামিতার প্রচার-প্রসারের সঙ্গে জড়িত এনজিওগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিবৃতিদাতাদের পূর্ণাঙ্গ তালিকা ‘মূল্যবোধ ডট কম’-এ প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোখতার আহমাদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদীসহ অনেকে রয়েছেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: