ড. জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
ছবি: ফেসবুক থেকে নেওয়া
মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। এ সময় জাকির নায়েকের হাতে নিজের ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’
ছবিতে শায়খ আহমাদুল্লাহ ও জাকির নায়েককে পাশাপাশি বসে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এ সময় আহমাদুল্লাহর হাতে ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটির ইংরেজি সংস্করণ দেখা গেছে।
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের পরিচিত ইসলামী বক্তা ও দায়ী। অন্যদিকে ড. জাকির নায়েক আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামী আলোচক। তুলনামূলক ধর্মতত্ত্ব, ইসলাম ও বিজ্ঞানের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে তার বক্তব্য বিশ্বে ব্যাপক প্রচার পেয়েছে।
২০১৬ সালে ভারতে জাকির নায়েক ও তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ঘিরে আইনি পদক্ষেপ নেওয়া হয়। এরপর তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। তাকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে বিভিন্ন সময়ে উদ্যোগের কথা আলোচনায় এসেছে।
এদিকে, মালয়েশিয়ায় অবস্থানকালে জাকির নায়েকের সঙ্গে বাংলাদেশের একাধিক ইসলামী আলোচকের সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
বিভি/এমআর













মন্তব্য করুন: