• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জীবনের শেষ প্রান্তে মা-বাবার হাত ধরার দায়িত্ব কি ভুলে যাচ্ছি আমরা?

প্রকাশিত: ১৪:১১, ২০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:১১, ২০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জীবনের শেষ প্রান্তে মা-বাবার হাত ধরার দায়িত্ব কি ভুলে যাচ্ছি আমরা?

ছবি: সংগৃহীত

যে মায়ের আঙুল ধরে হাঁটতে শেখে সন্তান, সেই মায়ের হাতই ধরে রাখার কথা আজীবন। যে মা নিজের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটান, বয়সের ভারে নুয়ে পড়ার পর সেই মায়ের ঠিকানা কেন হয় বৃদ্ধাশ্রম? কোন অদৃশ্য কারণ কেড়ে নেয় মা-সন্তানের সেই চিরচেনা বন্ধন? যে সন্তানই একদিন ছিল মায়ের পুরো পৃথিবী, আজ সেই সন্তানের পৃথিবীতেই কেন জায়গা হয় না মায়ের?

বৃদ্ধ বয়সে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, যত্ন আর আপনজনের সঙ্গ। অথচ সেই সময়েই কেউ কেউ থাকছেন বৃদ্ধাশ্রমে। কেউ আবার নিজের ঘরেই অনুভব করেন একাকিত্ব।

বৃদ্ধাশ্রমে থাকা অনেক মা-বাবা সন্তানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। কেউ আবার নীরবে মেনে নেন বাস্তবতা। তাদের কাছে দামি উপহার নয়, সন্তানের একটু সময়ই অনেক বড় পাওয়া।

একজন মা সন্তানের জন্য কতো কিছুই না করেন। রাত জেগে সন্তানের যত্ন নেন। নিজের প্রয়োজন কমিয়ে সন্তানের চাহিদা পূরণ করেন। সন্তানের অসুস্থতায় ছুটে যান চিকিৎসকের কাছে। নিজের কষ্ট আড়াল করে সন্তানের মুখে ফোটান হাসি। কিন্তু বয়স বাড়লে সেই মায়ের শরীর যখন দুর্বল হয়ে পড়ে। চলাফেরায় প্রয়োজন হয় অন্যের সাহায্য। তখনই তার প্রয়োজন হয় বাড়তি যত্নের। কিন্তু মেলে অবহেলা।

ইসলাম মা-বাবার প্রতি সদাচরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মা-বাবার একজন বা উভয়েই বার্ধক্যে উপনিত হলে তাদের বিরক্তিসূচক কথা পর্যন্ত বলা যাবে না। তাদের সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে। সুরা আল-ইসরা, আয়াত ২৩।

পরের আয়াতে আল্লাহ মা-বাবার প্রতি দয়া প্রদর্শন করতে এবং তাদের জন্য দোয়া করতে বলেছেন। এই শিক্ষা মনে করিয়ে দেয়, মা-বাবার প্রতি দায়িত্ব শুধু ছোটবেলায় নয়, তাদের বৃদ্ধ বয়সেও সমান গুরুত্বপূর্ণ।

তবে বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেক মা-বাবাকে সন্তান অবহেলা করেছে, এমনটাও সঠিক নয়। কারও চিকিৎসা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। কারও পারিবারিক পরিস্থিতিও ভিন্ন। তাই প্রয়োজন দোষারোপ নয়, বরং বাস্তবতা বোঝা এবং মা-বাবার পাশে দাঁড়ানো।

একটু সময় দেওয়া, নিয়মিত খোঁজ নেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা কিংবা পাশে বসে কথা বলা—এসব ছোট ছোট বিষয়ই একজন বৃদ্ধ মানুষের মনে স্বস্তি দিতে পারে। মনে রাখতে হবে, মা-বাবা চিরকাল আমাদের পাশে থাকবেন না। একদিন তাদের শূন্যতা অনুভব করতে হতে পারে। তখন হয়তো আর ফিরে পাওয়া যাবে না তাদের সঙ্গে কাটানো সেই সময়।

তাই মা-বাবা বেঁচে থাকতেই তাদের মূল্য দিন। তাদের কথা শুনুন। তাদের পাশে থাকুন। কারণ, যে মা-বাবা আমাদের হাত ধরে পৃথিবী চিনিয়েছেন, জীবনের শেষ সময়ে তাদের হাত ধরে রাখাও আমাদের দায়িত্ব।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: