• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা এখন পুরোপুরি উন্মুক্ত: ভারতীয় ডেপুটি হাইকমিশনার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৪১, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশিদের জন্য ভিসা এখন পুরোপুরি উন্মুক্ত: ভারতীয় ডেপুটি হাইকমিশনার

বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ। 

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ভিসা প্রাপ্তিতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি স্বীকার করে ডেপুটি হাইকমিশনার বলেন, 'ভারতীয় ভিসা ব্যবস্থা এখন সম্পূর্ণ খোলা রয়েছে। গত প্রায় চার মাস ধরে আমরা সব ক্যাটাগরির ভিসা কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্লট বুকিং। আমরা অসাধু এজেন্ট ও দালালদের দৌরাত্ম্য পুরোপুরি এড়াতে পারছি না। তারা আগাম স্লটগুলো ব্লক করে রাখে, যার ফলে সাধারণ নাগরিকরা সরাসরি স্লট না পেয়ে বাধ্য হয়ে এসব এজেন্টের শরণাপন্ন হচ্ছেন।'

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দালালমুক্ত করার পদক্ষেপ সম্পর্কে তিনি আরও বলেন, 'আমরা প্রতিদিন আমাদের সিস্টেম ও ওয়েবসাইট উন্নত করার জন্য কাজ করছি। সিকিউরিটি ফিচার শক্তিশালী করা হচ্ছে যেন সাধারণ মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি নিজেরা আবেদন করে ভিসা পেতে পারেন। গত কয়েক মাসে এ ক্ষেত্রে বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে এবং বর্তমানে অনেকেই নিজে নিজে আবেদন করে সফলভাবে ভিসা পাচ্ছেন।'

দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পবন বাদেহ বলেন, 'আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। মা দুর্গা আপনাদের সবাইকে এবং আপনাদের পরিবারকে সুখ, সমৃদ্ধি ও শান্তি দান করুন।' 

দেশে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'পূজা উপলক্ষে সরকার ও স্থানীয় প্রশাসন যে সুদৃঢ় নিরাপত্তা ও সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি সব জায়গায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে।'

এর আগে ডেপুটি হাইকমিশনার কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি ঘুরে দেখেন এবং পরে দানবীর রণদা প্রসাদ সাহার ঐতিহ্যবাহী বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত