• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের আমেজে বাড়ি ফেরার ঢল, ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র ভীড়

সাভার প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভোটের আমেজে বাড়ি ফেরার ঢল, ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র ভীড়

সাভারে ঢাকা আরিচা মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জাতীয় নির্বাচন উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। দক্ষিণ ও উত্তর বঙ্গগামী দূরপাল্লার বাসে ভোট দিতে গন্তব্যে যাওয়া মানুষের ভীড় চোখে পড়ার মতো। যাত্রীরা জানান, সাধারণত ঈদের সময় ব্যাতীত এমন ভীড় মহাসড়কে দেখা যায় না। 

সকাল ১০টায় সাভার বাসস্ট্যান্ডের পাকিজা পয়েন্টে গিয়ে দেখা গেছে ষাটোর্ধ সুলতান মিয়া তার দুই কন্যা নিয়ে দিনাজপুর যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছেন।

আলাপকালে তিনি জানান, তার মেয়েরা সাভারে গার্মেন্ট কারখানায় কর্মরত। নির্বাচনে তারা ভোট দিতে ঘোড়াঘাট উপজেলায় গ্রামের বাড়িতে যাবেন। সোমবার গ্রাম থেকে তিনি তাদের নিতে এসেছেন। দুই ঘন্টা ধরে তারা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু ব্যাগ ব্যাগেজ একটু  বেশী হওয়ায় কোন বাস তাদের নিতে চাচ্ছে না। তিনি অভিযোগ করেন বাস কতৃপক্ষ জন প্রতি দুই শত টাকা ভাড়া বাড়তি চাচ্ছেন। একই স্থানে কথা হয় আরেক যুবক তানজিল ও তার স্ত্রী কুলসুম আকতারের সাথে। তারা উভয়ই সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ডায়িং কারখানায় কর্মরত। 

তানজিল জানান তিনি ও তার স্ত্রী রংপুরের গঙ্গা চড়া উপজেলার বাসিন্দা।  জাতীয় নির্বাচনে ভোট দিতে তারা গ্রামে যাচ্ছেন। কিন্তু বাস সংকটের কারণে প্রায় এক ঘন্টা সময়ের বেশী হবে বাসের অপেক্ষায় দাড়িয়ে আছেন।  রংপুর গামী একটি পরিবহনের চালক আয়নাল হক জানান,দুর পাল্লার বাস মালিক ও চালক গন নির্বাচন উপলক্ষে এমন ভীড় হবে তারা আগে থেকে বুঝতে পারেনি। 

সাভার বাসষ্ট্যান্ডের হানিফ কাউন্টারের মালিক রমিজ উদ্দিন জানান  সোমবার ও মঙ্গলবার প্রায়ই একই রকম যাত্রীদের বেশ চাপ ছিল। সাভার বাসস্ট্যান্ড, রেডিও কলোনী, হেমায়েতপুর, রেডিও কলোনী, বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানীসহ বেশ কয়েকটি এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। 

স্থানীয়রা জানান, সাভারে প্রায় ১৫টি বাসস্ট্যান্ডে  মঙ্গলবার সকাল থেকে এ দৃশ্য দেখা গেছে। ঢাকা জেলা ট্রাফিক পুলিশের  পরিদর্শক (প্রশাসন) রুহুল আমিন সোহেল জানান, সড়কে সোমবার ও মঙ্গলবার দুপুর পর্যন্ত যানবাহনের অধ্যাধিক চাপ ছিল। যা সাধারনত রমজানের ঈদ বা কুরবানীর ঈদে দেখা যায়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ট্রাফিক পুলিশ সদস্যরা মহাসড়কে যানবাহন সুন্দরভাবে চলাচলের জন্য কাজ করছেন বলে জানান। দক্ষিণ ও উত্তর বঙ্গের ৩৬টি জেলার বাস সাভার হয়ে চলাচল করে থাকে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: