• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের ৪ জন দগ্ধ

প্রকাশিত: ১৯:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন রাখা হয়। এরা হলেন শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩০), ছেলে রোহান (৩) ও শ্যালক অপু (২৩)।

স্থানীয়রা জানান, হাজারীবাগের রায়েরবাজার এলাকায় জাহানারা ভিলার নিচতলার ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে ভর্তি করা হয়। শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলার ছেলে। তিনি জাহানারা ভিলার নিচতলায় ভাড়া থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়ে এসেছেন। শেখ নোমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ এবং শ্যালক অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: