• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ১১:১৭, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার বাসগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান।

জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩টি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় টার্মিনালে কয়েকটি দূরপাল্লার বাস এবং আন্তঃজেলা বাস ছাড়া লোকজন ছিল না। বাস ৩টি পাশাপাশি দাঁড়িয়ে ছিলো। 

জে লাইনের বাস মালিক জাহাঙ্গির হোসেন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে আমি বাড়ি থেকে টার্মিনালে আসি। এসে দেখতে পাই, আমার বাসসহ আরও দুটি বাস দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ করছে।

বাস-মিনিবাস মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ বাস-মিনিবাস পরিচালনা কমিটির সভাপতি রকুনুজ্জামান রানু জানান, এ ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। শুনেছি শনিবার রাত সাড়ে ৮টার দিকে সৃজনীর হারুন অর রশীদের তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ছেলেকে মারধরের জেরে ছেলেটি মারা যান। সেই মালিক সৃজনীর হারুন অর রশীদের একটি বাস টার্মিনালেও দাঁড়িয়ে ছিলো। দুটি ঘটনা একই কারণে ঘটতে পারে কিনা তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ খবর আসে, টার্মিনালে বাসে আগুন ধরে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। কিভাবে আগুন লেগেছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। 

এ ব্যাপারে সদর থানার ওসি মো. সামসুল আরেফিন গণমাধ্যমকে জানান, কারা আগুন দিয়েছে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারেনি। সংশ্লিষ্ট বাস মালিকেরা অভিযোগ দিলে আমরা মামলা নেওয়া হবে। মামলার সূত্র ধরে তদন্ত করা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: