বগুড়ায় দুর্ঘটনা, কমলাপুরে ভিড়; উৎকণ্ঠায় ঘরমুখো মানুষ
নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ কাটাতে ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন অনেকে।
যাত্রীদের অভিযোগ, টিকিট সংগ্রহ করেও অনেকেই নির্ধারিত কামরায় নিজেদের আসনে পৌঁছাতে পারছেন না। অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনের ভেতরে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে অনেকেই দরজায় ঝুলে কিংবা ছাদে উঠে ভ্রমণ করছেন। এতে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
অন্যদিকে, ট্রেনের ছাদে ভ্রমণ কিংবা বিনা টিকিটে যাতায়াত ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষের তেমন কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ রয়েছে। স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকলেও ভিড় নিয়ন্ত্রণে তা পর্যাপ্ত নয়।
এদিকে, বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার পর উত্তরবঙ্গের রেল যোগাযোগে কিছুটা প্রভাব পড়েছে। বিকল্প পথে ট্রেন চলাচল অব্যাহত থাকলেও কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে ছেড়ে যাচ্ছে। তবে আশার কথা, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে।
সব মিলিয়ে, ঈদযাত্রা ঘিরে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: