• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

রাজশাহী বিভাগে স্থাপিত হলো আইএসপিএবি নিক্স পপ

প্রকাশিত: ১২:৪১, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
রাজশাহী বিভাগে স্থাপিত হলো আইএসপিএবি নিক্স পপ

বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট (আইএসপিএবি) ও ইন্টারনেট সোসাইটির যৌথ সহযোগিতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে স্বল্পমূল্যে, দ্বিগুণ গতির, নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজশাহী বিভাগে স্থাপন করা হয়েছে আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ।

এই নিক্স স্থাপনের ফলে ইন্টারনেট ব্যবসায়ীদের আন্তঃসংযোগের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রান্তিক জনগণের মধ্যে উচ্চমানের ইন্টারনেট সেবা নিশ্চিত হবে। রাজশাহী বিভাগের ৮টি জেলার আইএসপি প্রতিষ্ঠান ছাড়াও, এনটিটিটিএন, আইআইজি এবং সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান এই সুবিধা ভোগ করতে পারবে। এখন থেকে আইএসপি প্রতিষ্ঠানগুলো আঞ্চলিক এই পপের সাথে সংযুক্ত হয়ে দ্রুতগতির, নিরবচ্ছিন্ন, সুরক্ষিত এবং স্বল্পমূল্যের ইন্টারনেট সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে।

আইএসপিএবি নিক্স বাংলাদেশে উন্নত ইন্টারনেট সেবা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করছে। এর আগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে আইএসপিএবি-নিক্স পপ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময় করে, আইএসপিগুলো ব্যয়বহুল আন্তর্জাতিক ব্যান্ডউইথ সংযোগের ওপর তাদের নির্ভরতা কমাতে পারছে।

এছাড়া, এই নিক্স পপে ক্যাশ সার্ভিস স্থাপনের মাধ্যমে সাধারণ জনগণের কাছে স্বল্পমূল্যে অধিক পরিমাণ ব্যান্ডউইথ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নত ইন্টারনেট পারফরম্যান্সের সঙ্গে এটি ই-কমার্স, মিডিয়া, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো সেক্টরে উদ্ভাবন, উদ্যোক্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। সর্বশেষে, এটি প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, আঞ্চলিক আইএসপি প্রতিষ্ঠানগুলো রাজশাহী নিক্স পপের সাথে সংযুক্ত হয়ে সেবা প্রদান শুরু করলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত