• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে মোট ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

প্রকাশিত: ১৬:৪০, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিমানবন্দরে মোট ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের স্থবিরতা অব্যাহত রয়েছে। গত দু’দিনে আরও ৬টি ফ্লাইট বাতিল হওয়ায়, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫টিতে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বৃহস্পতিবার ও শুক্রবার (৩ এপ্রিল) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি আগমন (এরাইভাল) ও একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ থেকে একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট এবং সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে।

অন্যদিকে, গত দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৫টি আন্তর্জাতিক ফ্লাইট সচল ছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আগত ৯টি আগমন ফ্লাইট এবং ৬টি প্রস্থান ফ্লাইট পরিচালিত হয়েছে।

এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলে এখনো স্থবিরতা বিরাজ করছে।

সার্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত ফ্লাইটগুলোতে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: