• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব বাতিল, রাজধানীতে ফেনীবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১৭:০৯, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:০৩, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব বাতিল, রাজধানীতে ফেনীবাসীর মানববন্ধন

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে প্রত্যাহারের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকায় বসবাসকারী ফেনীর বিশিষ্টজনদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদ”-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহারের প্রতিবাদ জানান এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করেন। পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের তত্ত্বাবধানে এবং সাংবাদিক কেফায়েত শাকিলের সঞ্চালনায় মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন পরিষদের মুখপাত্র ওমর ফারুক।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাতৃভূমি হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে ফেনী উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তাই বিএনপি ক্ষমতায় এলে ফেনী যথাযথ মূল্যায়ন পাবে—এমন প্রত্যাশা ছিল স্থানীয়দের। দীর্ঘদিন ধরে ফেনীবাসী একটি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে আসছে। নির্বাচনী প্রচারণায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এসব দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন।

কিন্তু সরকার গঠনের এক মাসের মধ্যেই সংসদে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহার করায় ফেনীবাসী হতাশ হয়েছে। দীর্ঘ বঞ্চনার পর আবারও উপেক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন দিদারুল আলম মজুমদার, ওমর ফারুক মজুমদার, আবদুস সালাম ফরায়েজী, এম. সাদিক দিদার, রফিকুল ইসলাম কিরণ, ইঞ্জিনিয়ার এনামুল হক আজিম, কাজি আমানুল্লাহ মাহফুজ, নাফিজ ইমতিয়াজ মজুমদার শিমুল, মো. মহিদ্দিন ও ইমাম উদ্দিন প্রমুখ।

বক্তারা আরও বলেন, রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে ফেনী দেশের শীর্ষ জেলাগুলোর একটি। প্রবাসীদের অবদানে অর্থনীতি সচল থাকলেও জেলায় উন্নত চিকিৎসাসেবা না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। প্রসবকালীন জটিলতা ও সাধারণ রোগেও মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

সরকারি সদর হাসপাতাল থাকলেও সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেন তারা। ফেনীবাসীর এই দাবিকে সরকার মানবিকভাবে বিবেচনা করবে—এমন প্রত্যাশা জানান বক্তারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: