চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজার মহা সপ্তমী
দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ এবং সপ্তমীবিহিত পূজার মধ্য দিয়ে সারাদেশের মতো চট্টগ্রামেও মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার মহা সপ্তমী। চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করছেন সনাতন ধর্মের অনুসারীরা।
ঢাকের বাদ্য, ধূপের সুবাস, রঙিন আলোকসজ্জার মধ্য দিয়ে চট্টগ্রামের পূজা মন্ডপগুলোতে চলছে পূজার আনুষ্ঠানিকতা। বুধবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দুর্গোৎসব চলাকালে রোজই চলবে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন ।
চট্টগ্রামে এবার শারদীয় দুর্গাপূজায় নতুন করে প্রায় ৪০০টি পূজামণ্ডপ যুক্ত হয়েছে। চট্টগ্রাম মহানগরী ও জেলার আওতাধীন ১৬ উপজেলায় দুই হাজার ৫৬৮টি পূজামন্ডপে হচ্ছে দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন ১২ হাজার আনসার সদস্য ও পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য। গুজব, অপপ্রচার ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিশেষ নজরদারির পাশাপাশি রয়েছে পুলিশের ভ্রাম্যমাণ টহল ও সাদাপোশাকে গোয়েন্দা তৎপরতা।
বিভি/এআই













মন্তব্য করুন: