রাজধানীতে ডিএমপির অভিযানে ৬৮৪ জন গ্রেফতার, মামলা ৪৪
ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও আলামত উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ২০৬ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ১১০ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগে ৭৮ জন করে, লালবাগ বিভাগে ৪৭ জন, রমনা বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগে চারজন করে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা, নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা এবং গাঁজা ভর্তি কলকিসহ কাটার।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিভি/বিএস/এআই













মন্তব্য করুন: