ফের খোলা হয়েছে শাহজালাল মাজারের দানবাক্স, প্রকাশ্যে চলছে গণনা
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার। প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থী এখানে দান করেন অর্থ। সেই দানের টাকা গণনা ও হিসাবের স্বচ্ছতা নিয়ে মানুষের আগ্রহ দীর্ঘদিনের।
এক মাস আট দিন পর শনিবার সকালে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে শুরু হয় দানের টাকা গণনার কাজ। গণনায় অংশ নিচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রকাশ্যে এই গণনা কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ।
দানের অর্থের সঠিক হিসাব রাখা এবং তা যথাযথভাবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। তাঁদের প্রত্যাশা, নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়ায় দানের টাকা গণনা করা হলে মানুষের আস্থা আরও বাড়বে।
এদিকে দানের টাকার ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখনই এর ৬৫ শতাংশ ভাগ পাচ্ছেন না মাজার কর্তৃপক্ষ। সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে তিনজন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে গত ১৯ সেপ্টেম্বর সর্বশেষ প্রকাশ্যে গণনায় প্রায় ৮৯ লাখ টাকা পাওয়া যায়।
মাজারে দান করা অর্থের সঙ্গে জড়িয়ে আছে ভক্তদের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাস। তাই এই অর্থের হিসাব সংরক্ষণ, আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং যথাযথ ব্যবহারের বিষয়ে জোর দিচ্ছেন সচেতন মানুষ। তাঁদের মতে, শুধু গণনা নয়, দানের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সেই তথ্যও নিয়মিতভাবে প্রকাশ করা হলে জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: