• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় পরিস্থিতি শান্ত, সাভারে উত্তপ্ত, দুই মামলায় আসামি হাজার, আটক ১২

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪১, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আশুলিয়ায় পরিস্থিতি শান্ত, সাভারে উত্তপ্ত, দুই মামলায় আসামি হাজার, আটক ১২

ন্যূনতম ৩০ হাজার মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় মঙ্গলবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাভারের আশুলিয়ায় সার্বিক পরিস্থিতি এখন শান্ত থাকলেও বিকেলে সাভারের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। গত চার দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় আশুলিয়া থানায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করা হয়েছে। 

অপরদিকে সাভারে সারাদিন শ্রমিকগন শান্ত থাকলেও দুপুরের পর বিভিন্ন গার্মেন্ট কারখানা হতেশ্রমিকগন কাজ ছেড়ে বের হয়ে আসে। পরে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে কয়েক শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা আরিচা মহাসড়কে বসে পড়ে।  বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ ঘন্টা সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 

এ সময় গাবতলী হতে সাভার উপজেলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট দেখা গেছে। ফলে মহাসড়কে চলাচল কারীগণ দুর্ভোগে পড়েন। মাগরিবের আজান হওয়ার পরে শ্রমিকদের একটি পক্ষ চলে যেতে চাইলেও কিছু শ্রমিক তাতে বাধা দেয়।  পরে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে বাসায় চলে যায়।

এদিকে মঙ্গলবার আশুলিয়া থানায় দুটি মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

জানা যায়, এর আগে সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় কাজ বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনের সড়কে শ্রমিকেরা টায়ার ও প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক ও নিশ্চিন্তপুর এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের (টিয়ার শেল) শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধার মুখে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। এই পরিস্থিতিতে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে  এলাকার প্রায় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন বলে জানা যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পর বর্তমানে পুরো আশুলিয়া ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ইতোমধ্যে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় অবস্থান করছেন। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, সন্ধ্যার পরে ঢাকা আরিচা মহাসড়ক থেকে শ্রমিকগন অবরোধ তুলে নেয়।  ফলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: