বিশ্বকাপ না খেলে আজ ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ খেলছে টাইগাররা
ছবি: অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট
‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ ক্রিকেট মাঠে গড়াচ্ছে আজ। তিন দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ধূমকেতু একাদশ খেলবে দুরন্ত একাদশের বিপক্ষে। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায়।
শনিবার ভারত ও শ্রীলংকায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।এবারের আসরে দর্শক হয়েই থাকতে হবে টাইগারদের। তাই ফাঁকা সময়টা কাজে লাগাতে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। বিশ্বকাপে না খেলতে পারায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত লিটন দাসের ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ এবং আকবর আলীর দুরন্ত একাদশ। চার ম্যাচের এই টুর্নামেন্টে ম্যাচ ফি ও প্রাইজমানি মিলিয়ে বিসিবির মোট ব্যয় দুই কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। ৫, ৬ ও ৭ ফ্রেব্রুয়ারি হবে গ্রুপপর্ব। ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি।
লিগ পর্বে তিনটি ম্যাচ শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। চ্যাম্পিয়ন দল এক কোটি ও রানার্সআপ দল পাবে ৪০ লাখ টাকা প্রাইজমানি। ম্যাচ ফি ও দলীয় প্রাইজমানির বাইরে ব্যক্তিগত পুরস্কারও থাকছে। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেয়া হবে এক লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন পাঁচ লাখ টাকা। পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির জন্য থাকছে তিন লাখ টাকা করে পুরস্কার।
বিভি/এমআর



মন্তব্য করুন: