সমীকরণ মেলানোর কঠিন পরীক্ষায় বাংলাদেশ, আজ প্রতিপক্ষ ভিয়েতনাম
স্বাগতিক থাইল্যান্ড ও চীনের কাছে হারের পর আজ এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ‘কোয়ার্টার ফাইনাল’ সমীকরণ মেলানোর কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম। মঙ্গলবার (৭ এপ্রিল) থাইল্যান্ডের ননথাবুরিতে সন্ধ্যা সাতটায় শুরু হবে ‘এ’ গ্রুপের এই ম্যাচ।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টে তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে কেবল সেরা দুই দলই পাবে পরের ধাপে ওঠার সুযোগ। সেই লক্ষ্য সামনে রেখে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আত্মবিশ্বাসী প্রীতি-সাগরিকারা আজ মুখোমুখি হবে ভিয়েতনামের।
এরই মধ্যে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক থাইল্যান্ড ও চীন। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্বাগতার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারে। অন্যদিকে ২০০৬ সালে একবার শিরোপাজয়ী চীনের কাছে তারা ২-০ গোলে পরাজিত হয়।
প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বে জায়গা পাওয়া বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হারলেও এখনো পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ধরে রেখেছে। তিন গ্রুপে ছয়টি দল এখনো কোনো পয়েন্ট পায়নি। তৃতীয় স্থানধারীদের মধ্যে বাংলাদেশ উজবেকিস্তান ও চাইনিজ তাইপের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। উজবেকিস্তানের গোল পার্থক্য মাইনাস ৮, চাইনিজ তাইপের মাইনাস ৭, আর বাংলাদেশের মাইনাস ৩—যা তাদের এগিয়ে রাখছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: