পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল
পাকিস্তান ‘এ’ দলকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস-এর ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। ১১১ রানের লক্ষ্য নির্ধারণের পর দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র ৫৬ রানে অলআউট করে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত নারী ‘এ’ ক্রিকেট দল।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান নারী ‘এ’ ক্রিকেট দল। ইনিংসের শুরুতেই ইমান নাসেরকে বোল্ড করে দলকে এগিয়ে দেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারে ফাহিমা খাতুন শাওয়াল জুলফিকারকে ফিরিয়ে দিলে পাকিস্তানের টপ অর্ডারে ধস নামে। পরে সানজিদা আক্তার মেঘলার ঘূর্ণিতে হুরাইনা সাজিদও সাজঘরে ফেরেন।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ইউসরা আমির ১১ ও হাফসা খালিদ ১২ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বড় জুটি গড়া সম্ভব হয়নি। অন্য কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ৫৬ রানেই শেষ হয় তাদের ইনিংস।
বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা নেন তিনটি উইকেট। অধিনায়ক ফাহিমা খাতুন শিকার করেন দুইটি। অন্য বোলাররা নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার শামীমা সুলতানা করেন ১৩ রান, ইসমা তানজিম ১২। মিডল অর্ডার ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে অপরাজিত ৪০ রান করেন অধিনায়ক ফাহিমা খাতুন। লতা মণ্ডল (৫), ফারজানা ইয়াসমিন (৬), সাদিয়া আক্তার (৮) ও ফাতেমা জাহান (২) ছোট অবদান রাখেন।
ছোট সংগ্রহ নিয়েও শৃঙ্খল বোলিং ও দলীয় নৈপুণ্যে দাপুটে জয় তুলে নিয়ে এখন ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ নারী ‘এ’ দল।
বিভি/এসজি



মন্তব্য করুন: