• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আসিফ নজরুলের বক্তব্যে ক্ষুব্ধ সালাউদ্দিন, ‘এভাবে ইউটার্ন মেনে নেওয়া যায় না’

প্রকাশিত: ১৭:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আসিফ নজরুলের বক্তব্যে ক্ষুব্ধ সালাউদ্দিন, ‘এভাবে ইউটার্ন মেনে নেওয়া যায় না’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল-এর সাম্প্রতিক বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে পরিবর্তন আনা সম্ভব না হওয়ায় বাংলাদেশ ছাড়াই আয়োজন সম্পন্ন করে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে খেলেছে স্কটল্যান্ড।

শুরুতে বিসিবি ও সরকার—দুই পক্ষই জানায়, এটি ছিলো সরকারের সিদ্ধান্ত। ২২ জানুয়ারি বৈঠক শেষে গণমাধ্যমে আসিফ নজরুলও বলেন, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। তবে ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি ভিন্ন সুরে কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, ক্রিকেটার ও বোর্ড নিজেদের সিদ্ধান্তে বিশ্বকাপ বর্জন করেছে এবং সেটি ছিল দেশের মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে একটি অনুকরণীয় পদক্ষেপ। এমনকি বিসিবির ‘ক্রিকেট ডিপ্লোমেসি’রও প্রশংসা করেন তিনি।

পরবর্তীতে ফেসবুক পোস্টে আসিফ নজরুল তার বক্তব্যকে ‘অপ্রস্তুত অবস্থায় বলা’ মন্তব্য হিসেবে ব্যাখ্যা দিয়ে বলেন, বিসিবি ও ক্রিকেটাররা সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ায় সরকার অবস্থানে অটল থাকতে পেরেছে।

তবে এই অবস্থান পরিবর্তন মেনে নিতে পারছেন না কোচ সালাউদ্দিন। তার ভাষায়, খোলা জায়গায় এভাবে মিথ্যা কথা বলা হয়েছে—আমি ভাবতেই পারছি না। আমি একজন শিক্ষক মানুষ, ছেলেদের সামনে কীভাবে মুখ দেখাবো? তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক হিসেবে এমন বক্তব্য হতাশাজনক।

বিশ্বকাপে না খেলতে পারার প্রভাব নিয়ে সালাউদ্দিন বলেন, একজন ক্রিকেটারের জন্য বিশ্বকাপ ২৫-২৭ বছরের স্বপ্ন। সেই স্বপ্ন এক মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত হলে খেলোয়াড়রা ত্যাগ স্বীকার করেছে—তবে ব্যক্তিগত ক্ষতির বিষয়টি অস্বীকার করা যায় না।

ক্রিকেটারদের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি। জানান, দুই খেলোয়াড় প্রায় ভেঙে পড়েছিলো, কয়েকদিন অনুশীলন ও মাঠের বাইরে ছিলো। পরে তাদের টুর্নামেন্টে ফিরিয়ে আনাই কোচিং ক্যারিয়ারের বড় সাফল্য বলে মনে করেন তিনি।

সালাউদ্দিনের মতে, বিশ্বকাপকে ঘিরে দীর্ঘ প্রস্তুতি ও স্বপ্ন থাকে একজন ক্রিকেটারের। সেই স্বপ্ন ভেঙে গেলে তা কাটিয়ে ওঠা কঠিন। তবুও বাস্তবতা মেনে নিয়ে এগিয়ে যাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: