যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম বানাতে ৫ কোটি ডলার দেবে ফিফা
ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকায় নতুন করে আশার বার্তা দিতে ফুটবল স্টেডিয়াম নির্মাণে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণে তারা ৫ কোটি ডলার (প্রায় ৬১২ কোটি টাকা) দেবে।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উদ্যোগে অনুষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠকে কয়েকটি দেশ গাজা পুনর্বাসনের জন্য বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা দেয় এবং কিছু দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, শুধু অবকাঠামো নয়—মানুষের আশা, আবেগ ও আত্মবিশ্বাস পুনর্গঠনেরও প্রয়োজন রয়েছে। তার মতে, ফুটবল সেই পুনর্গঠনের শক্তিশালী মাধ্যম হতে পারে।
স্টেডিয়াম ছাড়াও গাজায় একটি ফুটবল একাডেমি গড়তে ১ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৫০টি ছোট ‘মিনি পিচ’ নির্মাণে অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ তৈরির ঘোষণাও দিয়েছে ফিফা।
গাজা ও পশ্চিম তীর মিলিয়ে গঠিত ফিলিস্তিনি দল ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পেলেও এখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবু ইনফান্তিনোর ভাষায়, ফুটবল একটি সর্বজনীন ভাষা—যা বিভাজনের বদলে সংযোগ তৈরি করে এবং আশা জাগায়।
একটি ভিডিও বার্তায় ফিফা জানায়, গাজায় বয়সভিত্তিক ও আঞ্চলিক লিগ চালু, কমিউনিটি পর্যায়ে ফুটবল বিস্তার এবং দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য, ফুটবলকে শান্তি ও পুনর্গঠনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা।
আগামী বিশ্বকাপ সামনে রেখে ইনফান্তিনোর সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগও বেড়েছে। বোর্ড অব পিসের উদ্যোগটি গাজায় চলমান সংঘাত থামাতে বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ বলেও জানানো হয়। অনুষ্ঠানে ট্রাম্প ইনফান্তিনোর উপস্থিতিকে উল্লেখ করে রসিকতাও করেন, বলেন—‘তিনি ফুটবলের প্রধান, খারাপ কিছু তো নয়।’
বিভি/এসজি



মন্তব্য করুন: