বিশ্বকাপের হতাশা কাটিয়ে আজ পাকিস্তানের মুখোমুখী হবে টাইগাররা
বাংলাদেশ-পাকিস্তান একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরু হচ্ছে আজ। মিরপুর স্টেডিয়ামে বুধবার (১১ মার্চ) দুপুর সোয়া দুইটায় শুরু হবে প্রথম ম্যাচ। সিরিজে তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রমতালিকা উন্নতির লক্ষ্যে সিরিজের প্রতিটি ম্যাচেই জয়ের প্রত্যাশা মেহেদী হাসান মিরাজের দলের। টাইগারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজেদের পরিকল্পনা সাজিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল।
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। রাজধানীর একটি হোটেলে একদিনের সিরিজের ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পাকিস্তানের দলপতি শাহিন শাহ আফ্রিদি।
বিশ্বকাপের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে খেলা হয়নি। সে হতাশা কাটিয়ে নতুন উদ্যমে লাল-সবুজের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ শুধু মর্যাদা রক্ষার লড়াই নয়, একদিনের ক্রমতালিকায় এগিয়ে যাওয়ারও সুযোগ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে ক্রমতালিকার সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। সহ-আয়োজক জিম্বাবুয়ে সরাসরি খেলবে, তাই সুযোগ থাকবে নবম স্থানে থাকা দলেরও। ১৪ দলের বিশ্বকাপে ক্রমতালিকার সেরা ১০ দলের সঙ্গে খেলবে বাছাইপর্ব থেকে আসা চার দল। বর্তমানে বাংলাদেশ আছে দশম স্থানে। একদিনের ক্রমতালিকার চারে থাকা পাকিস্তানের বিপক্ষে এই সিরিজই প্রথম পরীক্ষা মিরাজদের।
১১ বছর পর বাংলাদেশে একদিনের সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। স্বাগতিকদের মতো বাড়তি চাপ না থাকলেও সিরিজটিকে হালকাভাবে নিচ্ছে না শাহিন শাহ আফ্রিদির দল। ২০১৫ সালে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল পাকিস্তানকে। সর্বশেষ গত বছর সংক্ষিপ্ত সংস্করণের সিরিজেও হেরেছিল তারা। মাঠের লড়াইয়ে এবার নিজেদের শক্তির প্রমাণ দিতে চায় সফরকারীরা।
অবশ্য পরিসংখ্যানে অনেক এগিয়ে পাকিস্তান। দুই দলের ৩৯টি একদিনের ম্যাচের মধ্যে ৩৪টিতেই জিতেছে তারা। বাংলাদেশের জয় মাত্র ৫টি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: