• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রায় ৩ বছর পর সুখবর পাচ্ছেন নেইমার, হাতছানি দিচ্ছে সম্ভাবনা

প্রকাশিত: ১৭:৪০, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
প্রায় ৩ বছর পর সুখবর পাচ্ছেন নেইমার, হাতছানি দিচ্ছে সম্ভাবনা

সেই ২০২৩ সালে সর্বশেষ ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে দেখা গিয়েছিল নেইমার জুনিয়রকে। এরপর কেটে গেছে প্রায় ৩ বছর। সেখান থেকে জাতীয় দলের ম্যাচের আগে বারবার শুধু সম্ভাবনাই জেগেছে, কিন্তু স্কোয়াডে আর দেখা যায়নি নেইমারের নাম। তবে ফুরিয়েছে অপেক্ষা। আবারও সেলেকাওদের স্কোয়াডে আছেন নেইমার।

মূলত চোটের কারণেই বারবার বাদ পড়তেন নেইমার। সেই সাথে ছিল অফফর্ম। তবে দীর্ঘ অপেক্ষা শেষে আরেকবার ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা জেগেছে নেইমারের। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আসন্ন দুটি প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপের আগে শেষ ধাপের প্রস্তুতি পর্বে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি ম্যাচ খেলবে আনচেলত্তির শিষ্যরা। আগামী ২৭ মার্চ ফ্রান্স এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

আগামী বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দল যুক্তরাষ্ট্রের মাটিতে এই দুটি ম্যাচের জন্য নেইমারকে প্রাথমিক দলে রেখেছেন আনচেলত্তি। তবে নেইমারের চূড়ান্ত দলে থাকা নিশ্চিত নয়।

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মিরাসলের মুখোমুখি হবে নেইমারের দল সান্তোস। ও গ্লোবো জানিয়েছে, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এ ম্যাচে খেলবেন না নেইমার। যদিও এই ম্যাচ মাঠে বসে দেখবেন আনচেলত্তি।

আগামী সোমবার প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এর আগে নেইমারকে একটু পরখ করতে চান কিংবদন্তি এই কোচ। 

মিরাসল-সান্তোস ম্যাচে যে আনচেলত্তির চোখ নেইমারের ওপরই থাকত, তাতে কোনো সন্দেহ নেই। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর ধারণা, এ ম্যাচে অনুপস্থিতির কারণে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন নেইমার।

ও গ্লোবো জানিয়েছে, নেইমার তার চোটের ব্যাপারটি বলার পর সান্তোস তাকে এ ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আগামী রবিবার লিগে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলবেন নেইমার। অর্থাৎ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তবে সেই ম্যাচে মাঠে থাকবেন না আনচেলত্তি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত