• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়, এবার ইউরোপ সফর!

প্রকাশিত: ১৬:২৬, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়, এবার ইউরোপ সফর!

ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হতে যাচ্ছে ইউরোপের মাটিতে। প্রথমবারের মতো ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে খেলতে যাচ্ছে জামাল ভূঁইয়ার দল। প্রতিপক্ষ ফিফা র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা ইউরোপীয় দল সান ম্যারিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বাফুফে জানিয়েছে, আগামী ৫ জুন সান ম্যারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান ম্যারিনোর মাঠে।

ইউরোপীয় দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ, পাশাপাশি ইউরোপে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সফরও। ম্যাচটি সান ম্যারিনোর জন্যও ঐতিহাসিক, কারণ এর আগে তারা কখনও কোনো এশিয়ান দলের বিপক্ষে ম্যাচ খেলেনি। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১ নম্বরে, আর সান ম্যারিনো রয়েছে ২১১ নম্বরে—ইউরোপের সবচেয়ে নিচের অবস্থানে। র‍্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে থাকার সুযোগ থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সবশেষ ম্যাচে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় ম্যাচের বাছাইপর্বে বাংলাদেশ পেয়েছে মাত্র একটি জয়, দুই ম্যাচ ড্র এবং তিন ম্যাচে হার। ৫ পয়েন্ট নিয়ে শেষ হয় তাদের অভিযান।

তবে গত এক বছরে বাংলাদেশ ফুটবলে নতুন আশার আলো তৈরি হয়েছে। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলারের আগমনে নতুন স্বপ্ন দেখছে দল ও সমর্থকরা। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে বাফুফে, ফলে নতুন কোচের অধীনে আরও শক্তিশালী বাংলাদেশ গড়ার প্রত্যাশা বাড়ছে।

এদিকে বয়সভিত্তিক দলেও বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো। সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। টুর্নামেন্টে আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান, যিনি দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন।

সব মিলিয়ে ইউরোপের মাটিতে সান ম্যারিনোর বিপক্ষে এই ম্যাচ শুধু প্রীতি ম্যাচ নয়, বাংলাদেশের ফুটবলের জন্য এটি হতে যাচ্ছে বড় এক অভিজ্ঞতার মঞ্চ।

বিভি/এমআর

মন্তব্য করুন: