এবারের বিশ্বকাপে মেসি-রোনালদোদের সঙ্গে খেলবে ক্লাইমেটও!
এবারের ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলোতে শুধু দুই দলের ২২ জন খেলোয়াড় নয়, মেসি-রোনালদোর মতো খেলোয়াডদের সঙ্গে খেলবে ক্লাইমেটও। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মোকাবিলা করেই ম্যাচের জয় ছিনিয়ে নিতে হবে দলগুলোকে। কারণ এবারের ১০৪টি ম্যাচের মধ্যে ৯৭টিতেই দেখা যাবে পারফরম্যান্স-হ্রাসকারী তাপমাত্রা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে করা ক্লাইমেট সেন্ট্রালের এক বিশ্লেষণে এই পূর্বাভাস উঠে এসেছে। এতে বলা হয়েছে, বাড়তি তাপমাত্রার কারণে ২০২৬ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচেই খেলোয়াড়দের পারফরম্যান্স কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কারণ নির্ধারিত ১০৪টি ম্যাচের মধ্যে ৯৭টিতেই পারফরম্যান্স-হ্রাসকারী তাপমাত্রা দেখা দেওয়ার সম্ভাবনা বেড়েছে। এতে শুধু খেলোয়াড়দের শারীরিক সক্ষমতাই নয়, খেলার গতি, কৌশল এবং দর্শকদের অভিজ্ঞতাও প্রভাবিত হতে পারে।
গবেষণায় ৮২ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট বা ২৮ ডিগ্রি সেলসিয়াসকে গুরুত্বপূর্ণ সীমা হিসেবে বিবেচনা করা হয়েছে। কারণ আগের গবেষণাগুলো বলছে, এই তাপমাত্রার ওপরে গেলে খেলোয়াড়দের স্প্রিন্টের সংখ্যা কমে যায়, মাঠে মোট দৌড়ানোর দূরত্ব হ্রাস পায় এবং শরীরের পুনরুদ্ধার বা রিকভারি সময় বেড়ে যায়। ফলে ম্যাচের গতি কমে আসার পাশাপাশি কৌশলগত পরিবর্তনও দেখা দিতে পারে।
বিশ্লেষণে আরও দেখা গেছে, বিশ্বকাপের প্রায় অর্ধেক ম্যাচেই এমন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা অন্তত ৫০ শতাংশ। এর মধ্যে ২৬টি ম্যাচে জলবায়ু পরিবর্তনের কারণে সেই সম্ভাবনা অন্তত ১০ শতাংশ বেড়েছে।
সবচেয়ে বেশি প্রভাবের ঝুঁকিতে রয়েছে ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিতব্য উরুগুয়ে ও স্পেনের ম্যাচটি। ওই ম্যাচে পারফরম্যান্স-হ্রাসকারী তাপমাত্রা হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ। ক্লাইমেট সেন্ট্রালের হিসাব অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে এই সম্ভাবনা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা শুধু আবহাওয়ার চিত্রই বদলে দিচ্ছে না, এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। আর সেই বাস্তবতার বড় উদাহরণ হয়ে উঠতে পারে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।
বিভি/টিটি













মন্তব্য করুন: