জোড়া গোলের পরই দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন মার্তিনেজ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি লাউতারো মার্তিনেজ। এবার চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে ইন্টার মিলান অধিনায়ককে। বাম উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ২৯ বছরের আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচ ক্লাব ব্রুগের কাছে ৪-৩ গোলে হেরেছে ইন্টার। দলের তিন গোলের মধ্যে দুটি করেছেন মার্তিনেজ। সেই ম্যাচের পরই তার চোটের খবর সামনে এসেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লিনিক্যাল ও ডায়াগনস্টিক পরীক্ষা করা হয়েছে মার্তিনেজের। তাতে তার বাম উরুর হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছে।’ তাকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা অবশ্য নির্দিষ্ট করে জানায়নি ইন্টার।
ইতালিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী আন্তর্জাতিক বিরতি পর্যন্ত খেলতে পারবেন না মার্তিনেজ। ওই হিসাবে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগামী ৩১ অক্টোবর ‘মিলান ডার্বি’ রয়েছে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ইন্টার অধিনায়ককে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। চলতি মৌসুমে সিরি-আ’তে ইন্টারের হয়ে চারটি গোল করেছেন মার্তিনেজ। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক ড্র’য়ে ১৬ পয়েন্ট নিয়ে লাৎসিয়োকে গোল ব্যবধানে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
বিভি/এসজি













মন্তব্য করুন: