• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার, ক্যানসার থামিয়ে দিল হৃদয়ের ইনিংস

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার, ক্যানসার থামিয়ে দিল হৃদয়ের ইনিংস

ক্রিকেটের মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল মেহেদী হাসান হৃদয়ের। একদিন জাতীয় দলের হয়ে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন—এমন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। কিন্তু ক্যানসার থামিয়ে দিল তার সেই স্বপ্নের পথচলা। উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথেই শনিবার মারা যান তিনি।

হৃদয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, স্বজন, সতীর্থ ও ক্রিকেটাঙ্গনে। সম্ভাবনাময় এই তরুণের অকালমৃত্যুতে অপূর্ণ থেকে গেল জাতীয় দলে খেলার স্বপ্ন।

হৃদয়ের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে। তার বাবা আবুল কাশেম। মা-বাবার প্রথম সন্তান হৃদয়ের একটি ছোট বোন রয়েছে।

হৃদয় আক্রান্ত ছিলেন অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ায় (এএমএল)। এটি রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যানসার। যে বয়সে সতীর্থদের সঙ্গে মাঠে অনুশীলন করে দক্ষতা বাড়ানোর কথা, সেই বয়সেই তাকে লড়তে হয়েছে প্রাণঘাতী এই রোগের সঙ্গে।

হৃদয়ের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবা আবুল কাশেমের হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই পরিমাণ অর্থ সহায়তা দিয়েছিল বিসিবিও। দুই প্রতিষ্ঠানের সহযোগিতায় চিকিৎসা চালিয়ে যাওয়ার আশা তৈরি হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছিলেন হৃদয়। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছিল তার সামনে। ক্রিকেট নিয়ে তার পথচলা আরও দীর্ঘ হওয়ার কথা ছিল। কিন্তু কঠিন অসুখের কাছে থেমে গেল সেই যাত্রা।

হৃদয়ের মৃত্যু শুধু একটি পরিবারের প্রিয়জন হারানোর বেদনা নয়, এটি একটি সম্ভাবনাময় ক্রিকেটস্বপ্নেরও করুণ পরিণতি। তার ব্যাট হাতে মাঠে নামা, সতীর্থদের সঙ্গে অনুশীলন আর নতুন ম্যাচের প্রস্তুতি—সবই এখন স্মৃতি। স্বজনদের জন্য রেখে গেলেন অপূর্ণ স্বপ্ন আর গভীর শোক।

বিভি/এজেড

মন্তব্য করুন: