• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর স্পেনের কোপা দেল রে’র ২৪ ম্যাচ স্থগিত

প্রকাশিত: ২০:৪২, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর স্পেনের কোপা দেল রে’র ২৪ ম্যাচ স্থগিত

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৪ জন নিহত হওয়ার ঘটনায় বুধবারের (২৮ অক্টোবর) নির্ধারিত কোপা দেল রে টুর্নামেন্টের ২৪টি ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৮০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির একটি ট্রেন থেমে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় শোক প্রকাশ করে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়ে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

এক বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’ দুর্ঘটনার শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানিয়ে বুধবারের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই শোকাবহ ঘটনায় স্পেনের পুরো ফুটবল সম্প্রদায় একসঙ্গে শোক প্রকাশ করছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কর্তৃপক্ষের পাশে থাকার কথাও জানিয়েছে ফেডারেশন।

স্থগিত ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে আরএফইএফ। তবে বৃহস্পতিবারের প্রথম রাউন্ডের ম্যাচগুলো স্থগিত করা হয়নি। একই সঙ্গে সপ্তাহান্তে স্প্যানিশ লিগের ম্যাচগুলো স্থগিতের বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।

বুধবার স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে ছিল নাভালকারনেরোর বিপক্ষে রিয়াল বেতিস, সালামাঙ্কার বিপক্ষে সেল্টা ভিগো এবং তাভেরনেসের বিপক্ষে ভ্যালেন্সিয়ার ম্যাচ।

এদিকে, দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে স্পেনের বেশ কয়েকটি ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বার্সেলোনা জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি ক্লাবের সমর্থন ও সংহতি রয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে ক্লাবটি।

রিয়াল মাদ্রিদও দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, এই গভীর দুঃখের মুহূর্তে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার শোকের অংশীদার তারা।

অন্যদিকে, বুধবারের অনুশীলন শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে সেভিয়া এফসি। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে স্পোর্তিং দে হোর্তালেজার বিপক্ষে ম্যাচের আগে নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করেছে ক্লাবটি।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত