এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ-বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে সোনালি সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাসকে নিয়ে গড়া বাংলাদেশ নারী আর্চারি দল।
শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন লাল-সবুজের তিন আর্চার। চার সেট বা এন্ডের প্রতিটিতেই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করেন তারা। প্রথম এন্ডে ৫৭ পয়েন্ট নিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ, যা দ্বিতীয় এন্ডেও ধরে রাখে। এরপর তৃতীয় ও চতুর্থ এন্ডে আরও দুর্দান্ত খেলে দুটিতেই ৫৮ করে পয়েন্ট তুলে নেয় দলটি। পক্ষান্তরে, কাজাখস্তান প্রথম এন্ডে ৫৫, দ্বিতীয় এন্ডে ৫২, তৃতীয় এন্ডে ৫৬ এবং শেষ এন্ডে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে; ফলে তাদের মোট স্কোর দাঁড়ায় ২২০ পয়েন্টে।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের আধিপত্য ও নিয়ন্ত্রণ বজায় রেখে স্বর্ণপদক নিজেদের করে নেয় বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক মঞ্চে এই ঐতিহাসিক অর্জন দেশের আর্চারির অগ্রযাত্রায় আরও একটি বড় মাইলফলক হয়ে থাকল। দলের এই অসাধারণ সাফল্যে আর্চার, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
বিভি/এআই













মন্তব্য করুন: