• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

৬ পেসার নিয়ে বাংলাদেশের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৮:৫৪, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫৫, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৬ পেসার নিয়ে বাংলাদেশের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে রাখা হয়েছে ছয়জন পেসার। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ‘ব্যাটল অব দ্য বেস্ট’ সিরিজের প্রথম টেস্টে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। এই সাফল্যে ১০ বছর পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

একই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্রে দ্বিতীয় স্থানে রয়েছে টেম্বা বাভুমার দল। শীর্ষে আছে নিউজিল্যান্ড, আর অস্ট্রেলিয়া নেমে গেছে তৃতীয় স্থানে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় দক্ষিণ আফ্রিকা। এতে আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও বাড়বে তাদের।

বাংলাদেশ সিরিজের দলে নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি ইনজুরি কাটিয়ে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও পেসার আনরিখ নরকিয়া। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে চান তারা। পাশাপাশি এই সিরিজে পেস বোলিংয়ে বাড়তি গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে যাওয়া বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজটি টাইগারদের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত