• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উইন্ডো এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাভিশনের তিন সাংবাদিক

প্রকাশিত: ২০:২৫, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩২, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উইন্ডো এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাভিশনের তিন সাংবাদিক

উইন্ডো একাডেমির মর্যাদাপূর্ণ ‘উইন্ডো এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন বাংলাভিশনের তিন সাংবাদিক। গণমাধ্যম অঙ্গনে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয় তাদের।

প্রশিক্ষক ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড গ্রহণ করেন বাংলাভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক মামুন আবদুল্লাহ। এ ছাড়া সাবেক শিক্ষার্থী ও বর্তমান মেনটর ক্যাটাগরিতে স্টাফ রিপোর্টার (স্পোর্টস) এ কে এম শামীম খান এবং সাবেক শিক্ষার্থী হিসেবে সহ-সম্পাদক নাজমুল হাসান সংবর্ধনা গ্রহণ করেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উইন্ডো মিডিয়া ও জার্নালিজম ইনস্টিটিউটের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সফল ৮০ জন গণমাধ্যমকর্মীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শিশুদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘উইন্ডো জুনিয়র একাডেমি’র।

সৃজনশীল গণমাধ্যম, সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান উইন্ডো একাডেমি চার বছর আগে স্বপ্ন, সম্ভাবনা ও আত্মবিশ্বাসী নেতৃত্ব তৈরির প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে। সংবাদ উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানটি গত চার বছরে অসংখ্য তরুণ-তরুণীকে দক্ষ সংবাদ উপস্থাপক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে একাডেমির প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া প্রতিষ্ঠানটির অন্যতম অর্জন। তরুণদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমে নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করছে উইন্ডো একাডেমি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চার বছরের পথচলার সাফল্য ও অর্জন তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা ও সংবর্ধনা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ সরওয়ার আলম এবং এডিশনাল পুলিশ কমিশনার মো: শামসুল হক, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক মোঃ জাহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

প্রতিষ্ঠার চার বছর পূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, প্রশিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। আয়োজকরা জানান, আগামী দিনেও আধুনিক সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী গণমাধ্যমকর্মী তৈরিতে কাজ করে যাবে উইন্ডো একাডেমি।

বিভি/একেএম/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত