নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
নবনির্বাচিত মন্ত্রিসভার সম্মানিত সদস্যদের অভিনন্দন জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানায় ক্লাবটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিসভার মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নতি কামনা করছি।
একই সঙ্গে অত্যন্ত গর্বের বিষয় এই যে, নবগঠিত মন্ত্রিসভায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বেশ কয়েকজন স্থায়ী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, কয়েকজন হয়েছেন মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মন্ত্রী-প্রতিমন্ত্রী অনেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের এই সাফল্যে ক্লাবের পরিচালনা পর্যদ এবং সাধারণ সদস্যবৃন্দ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বিশ্বাস করে, তাদের বলিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর গৌরব পুনরুদ্ধারে তাদের বিশেষ দৃষ্টি ও সহযোগিতা থাকবে বলে আমরা আশাবাদী।
আমরা নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাদের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
বিভি/এসজি



মন্তব্য করুন: