সাংবাদিকদের হেনস্থা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজন-এর উদ্বেগ
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র চার সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সংবাদে নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, আমরা জানতে পেরেছি, সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনভাবে মতামত প্রকাশ করায় এখন টিভির চার সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি সাতদিনের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয়েছে। এমনকি নিরাপত্তা প্রহরীদেরকে তাদের ছবি দেখিয়ে কার্যালয়ে তাদের প্রবেশাধিকার ঠেকানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা জানতে পেরেছি যে, কারণ দর্শানোর চিঠিতে ফেসবুক পোস্টের কথা উল্লেখ রয়েছে। নোটিশে লেখা রয়েছে, পোস্ট মুছে ফেলুন, অন্যথায় টিভি এবং সাংবাদিকরা সমস্যায় পড়বেন। কিন্তু আমাদের প্রশ্ন, কর্মরত কোনো সাংবাদিকের মতাদর্শের ওপর এখন টিভি কর্তৃপক্ষ কোনো সেন্সরশিপ আরোপ করতে পারে কিনা?
আমরা মনে করি, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো স্বচ্ছ, লিখিত ও ন্যায্য পদ্ধতির মাধ্যমে পরিচালিত হওয়া দরকার। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার নামে মতপ্রকাশের অধিকার ক্ষুন্ন করা সম্পূর্ণ অযৌক্তিক।
আমরা মনে করি, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে এভাবে সাংবাদিকদের পেশাগত ঝুঁকি তৈরি করা এবং অধীন মতপ্রকাশে হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা স্পষ্টভাবেই ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম গড়ে তোলার চেতনার পরিপন্থি।
আমরা সুজন-এর পক্ষ থেকে এখন টিভির মালিক এবং সম্পাদকদের অবিলম্বে উপরোক্ত পদক্ষেপের ভিত্তি ও নীতিমালা স্পষ্ট করার অনুরোধ জানাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির যৌক্তিক সমাধান করে চারজন সাংবাদিককে সংবাদ কক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ প্রত্যাশা করছি।
বিভি/এসজি



মন্তব্য করুন: