গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নতুন সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সভাপতি পদে চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক মুহম্মদ আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. তৈয়বুর রহমান ও শামীম শেখ, কোষাধ্যক্ষ পদে লুৎফর রহমান এবং দফতর সম্পাদক পদে আ. রশিদকে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক মো. তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব।
সভায় শিক্ষক-কর্মচারীদের কল্যাণ, অধিকার এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে গাজী আহসান হাবিব শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার জন্য কল্যাণ সমিতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শেখ, সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: