এক থাপ্পড়ে মুরগি রান্না, মারতে হবে কতো জোরে?
প্রতীকী ছবি
চুলা, ওভেন কিংবা মাইক্রোওয়েভ নয়—একটি মুরগিকে শুধু থাপ্পড় দিয়েই রান্না করা সম্ভব কি? প্রশ্নটি শুনতে অদ্ভুত হলেও এর উত্তর খুঁজতে পদার্থবিজ্ঞানের সূত্র ব্যবহার করে করা হয়েছে মজার এক হিসাব। সেই হিসাবে, একটি মুরগিকে মাত্র এক থাপ্পড়ে রান্না করতে হাতের গতি ঘণ্টায় প্রায় ৩ হাজার ৭২৬ মাইল বা সেকেন্ডে ১ হাজার ৬৬৬ মিটার হতে হবে।
হিসাবটির ভিত্তি হলো গতিশক্তি ও তাপশক্তির সম্পর্ক। কোনো বস্তুর গতিশক্তি তার ভর ও গতির ওপর নির্ভর করে। ধারণাটি হলো, থাপ্পড়ের সময় হাতের গতিশক্তির পুরোটাই যদি মুরগির তাপমাত্রা বাড়াতে ব্যবহৃত হয়, তাহলে প্রয়োজনীয় শক্তি হিসাব করা সম্ভব।
একটি ১ কেজি মুরগি, ৪০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গরম করতে প্রয়োজনীয় শক্তি এবং প্রায় ৪০০ গ্রাম ওজনের হাতের ১১ মিটার/সেকেন্ড গতির থাপ্পড়ের শক্তি ধরে করা হিসাবে দেখা যায়, একটি সাধারণ থাপ্পড়ে মুরগির তাপমাত্রা বাড়বে মাত্র প্রায় ০.০০৮৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে এমন থাপ্পড় প্রায় ২৩ হাজারটি লাগতে পারে।
আর একবারেই সেই পরিমাণ শক্তি দিতে হলে হাতের গতি হতে হবে প্রায় ১ হাজার ৬৬৬ মিটার/সেকেন্ড। এই গতি শব্দের গতির কয়েক গুণ।
তবে এটি পুরোপুরি একটি তাত্ত্বিক হিসাব। বাস্তবে থাপ্পড়ের সব শক্তি মুরগিতে তাপে রূপান্তরিত হবে না। শক্তির একটি অংশ শব্দ, কম্পন, হাতের নড়াচড়া ও মাংসের বিকৃতিতে চলে যাবে। তাই বাস্তবে এমনভাবে মুরগি রান্না করা কার্যত সম্ভব নয়।
মজার এই হিসাবের ধারণাটি ২০১৯ সালে অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রকৌশল ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন আলোচনাতেও ‘থাপ্পড় দিয়ে মুরগি রান্না’ প্রশ্নটি উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। সূত্র: Minco, WIRED
বিভি/এমআর













মন্তব্য করুন: