• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এবার সৌদির দুই শহরে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ১৯:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার সৌদির দুই শহরে ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: দ্য ক্র্যাডল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তায়েফ ও ইয়ানবু লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে জোটটি। তাদের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে বলেন, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। এ ধরনের ‘উসকানি ও লঙ্ঘন’ কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার ঘটনায় মাটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি। একই সঙ্গে হুথিদের পক্ষ থেকেও এ হামলার দায় স্বীকারের কোনো তাৎক্ষণিক ঘোষণা পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের একাধিক এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। মক্কা, জেদ্দা, ইয়ানবু, তাবুক ও তায়েফে কিছু সময়ের জন্য সতর্কসংকেত সক্রিয় ছিলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সতর্কতা তুলে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। গত শনিবার রিয়াদ অভিমুখী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছিলো সৌদি জোট। ওই সময় রাজধানীর আশপাশে বিস্ফোরণ ও ধোঁয়া দেখা গেলেও সৌদি কর্তৃপক্ষ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা জানায়নি।

ফলে নতুন এই হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ও হুথিদের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। সূত্র: এএফপি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত