• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

প্রকাশিত: ২১:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে লালমনিরহাটের তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১১ মিটার। এটি বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটারের মাত্র ৪ সেন্টিমিটার নিচে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত দুই দিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় তিস্তার পানি সতর্কসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে অতিভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি দ্রুত বাড়ায় নদীর তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। প্রতিবছর সেপ্টেম্বরের শেষ দিকে তিস্তা অববাহিকায় বন্যার আশঙ্কা থাকায় এবারও সতর্ক রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

গোবর্দ্ধন চরের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, এবারে এখন পর্যন্ত বড় ধরনের স্থায়ী বন্যা হয়নি। তবে নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে বড় বন্যার আশঙ্কা করছেন তারা। বন্যা হলে নদীপাড়ের মানুষের দুর্ভোগ বেড়ে যায়।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে। এ সময় নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: