• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইসরাইলে সরকার গঠনে আরও এক ধাপ এগোলেন গাদি আইজেনকোট

প্রকাশিত: ০৯:২৬, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইলে সরকার গঠনে আরও এক ধাপ এগোলেন গাদি আইজেনকোট

ইসরাইলের পরবর্তী জোট সরকার গঠনের পথে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন 'ইয়াশার' দলের চেয়ারম্যান গাদি আইজেনকোট। বামপন্থী দল 'দ্য ডেমোক্র্যাটস'-এর প্রধান ইয়ার গোলানের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই দলের এক যৌথ বিবৃতিতে এই সমঝোতার কথা ঘোষণা করা হয়। এর আগে আভিগডোর লিবারম্যানের 'ইসরাইল বেইতেনু' দলের সঙ্গে চুক্তির পর এটি আইজেনকোটের দ্বিতীয় বড় জোট সমঝোতা। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় আইজেনকোটের অবস্থান আরও শক্তিশালী হলো।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান দুই দলের মধ্যে একটি জোট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন।’ তবে চুক্তির শর্তাবলি প্রকাশ করেনি দল দুটি।

সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে এর কয়েক দিন আগে ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছিলেন আইজেনকোট।ইসরাইলে জোট চুক্তির মাধ্যমে সরকারে দলগুলোর পারস্পরিক সহযোগিতার ধরন, তাদের অঙ্গীকার এবং নীতি, আইন প্রণয়ন ও পার্লামেন্টে ভোটের ক্ষেত্রে সমন্বয়ের বিষয়গুলো নির্ধারণ করা হয়।

আইজেনকোটের ইয়াশার, লিবারম্যানের ইসরাইল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার এবং গোলানের ডেমোক্র্যাটস পার্টি নিয়ে গঠিত হয়েছে ‘চেঞ্জ ব্লক’। ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এই জোটের আসনসংখ্যা ৪৮। ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে জোটটি ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে।

সূত্র: আনাদোলু

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত