মরণোত্তর সম্মাননা পেলেন ফিলিস্তিনি নারী সাংবাদিক
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি ফ্রিল্যান্স সংবাদদাতা মরিয়ম দাগ্গা মরণোত্তর সম্মানজনক ররি পেক অ্যাওয়ার্ড পেয়েছেন। স্বাধীন ও ঝুঁকিপূর্ণ যুদ্ধ-সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের জন্য দেওয়া এই পুরস্কার বুধবার (২৫ নভেম্বর) ঘোষণা করেছে আয়োজক সংস্থা ররি পেক ট্রাস্ট।
যুদ্ধের মানবিক মূল্য ও বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে শক্তিশালী ও সাহসী প্রতিবেদনের জন্য মরিয়ম দাগ্গা যৌথভাবে এই সম্মাননা পেয়েছেন তার দুই সহকর্মী আবদেল করিম হানা এবং জিহাদ আলশরাফির সঙ্গে।
মরিয়ম দাগ্গা ছিলেন গাজার যুদ্ধক্ষেত্রে কাজ করা অল্প কয়েকজন নারী সংবাদদাতার একজন। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসসহ (এপি) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করেছেন এবং বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশু ও সাধারণ মানুষের দুর্দশার চিত্র ক্যামেরায় তুলে ধরে ব্যাপক প্রশংসিত হন। যুদ্ধ চলাকালে ব্যক্তিগত নানা শোক ও বিপর্যয়ের মুখেও তিনি নিরবচ্ছিন্নভাবে সংবাদ সংগ্রহ করে গেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের ২৫ আগস্ট দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ৩৩ বছর বয়সী মরিয়ম দাগ্গা নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন সাংবাদিক, চিকিৎসাকর্মী ও বেসামরিক নাগরিক প্রাণ হারান। হাসপাতাল প্রাঙ্গণে সংঘটিত ওই হামলার ঘটনা তখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন ও উদ্বেগের সৃষ্টি করেছিল এবং যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছিল।
পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে ররি পেক ট্রাস্টের বিবৃতিতে মরিয়ম দাগ্গা ও তাঁর সহকর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করা হয়। এপির নির্বাহী সম্পাদক জুলি পেস মন্তব্য করেছেন যে, চরম ব্যক্তিগত ঝুঁকি নিয়ে সত্য নথিভুক্ত করা ও বিশ্বকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তিনি মরিয়ম দাগ্গা এবং এই সংঘাতসহ অন্যান্য সংঘাতে নিহত সব সাংবাদিককে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ ও জবাবদিহি অনুসন্ধানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ১৯৯৩ সালে মস্কোয় নিহত হন এই ব্রিটিশ ভিডিও সাংবাদিক। বিশ্বজুড়ে ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের সাহসী ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি দিতেই এ পুরস্কারের আয়োজন করা হয়।
সূত্র: এনডিটিভি
বিভি/এমএফআর













মন্তব্য করুন: