• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিয়ের আসরে উড়লো টাকা, ঝাড়ু দিয়ে কুড়ালেন অতিথিরা!

প্রকাশিত: ১২:৩৩, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিয়ের আসরে উড়লো টাকা, ঝাড়ু দিয়ে কুড়ালেন অতিথিরা!

বিয়ের আয়োজন মানেই আনন্দ-উৎসব। তবে সেই উৎসবই এবার বিতর্কের জন্ম দিয়েছে ভারতের বিহারের এক বিধায়কের মেয়ের বিয়েকে ঘিরে। অনুষ্ঠানে অতিথিদের সামনে উড়েছে বিপুল পরিমাণ টাকা। মেঝেতে ছড়িয়ে থাকা টাকার নোট ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করার দৃশ্যও ধরা পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে।

শুধু তাই নয়, ১৫০ পদের খাবারের আয়োজনেও দেখা গেছে অতিথিদের হুড়োহুড়ি। একের পর এক এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

দেশটির বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংহের ছোট মেয়ে শিবাঙ্গী সিংহের বিয়ের অনুষ্ঠানে ঘটে এসব ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের আসরে অতিথিদের উদ্দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে টাকা। মেঝেতে পড়ে আছে ১০, ২০, ৫০ ও ১০০ রুপির নোট। পরে এক ব্যক্তিকে ঝাড়ু দিয়ে সেসব নোট এক জায়গায় জড়ো করতে দেখা যায়। আরেকজন সেগুলো স্তূপ করে রাখছেন।

‘হিমাংশুনিমা২’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ এমন আয়োজনের সমালোচনা করেছেন, আবার কেউ ছড়িয়ে থাকা নোটের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। রাকেশ নামের এক নেটিজেন কমেন্টে দাবি করেছেন, নোটগুলো নকল হতে পারে। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

বিয়ের আয়োজন ঘিরে বিতর্কের এটিই একমাত্র ঘটনা নয়। অতিথিদের জন্য রাখা হয়েছিল ১৫০ ধরনের খাবার। কিন্তু খাবার পরিবেশনের সময় দেখা যায় বিশৃঙ্খলা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে অতিথিদের খাবার নেওয়ার জন্য ধাক্কাধাক্কি করতে দেখা যায়। কেউ কেউ বড় বড় পাত্রে হাত ঢুকিয়ে খাবার তুলে নিচ্ছেন। বিপুল আয়োজনের মধ্যেও এমন দৃশ্য সামনে আসায় সমালোচনায় মুখর হয়েছেন অনেকে।

অক্ষয় জগতাপ নামের এক নেটিজেনের মন্তব্য, সাধারণ শিষ্টাচার ও অন্যের জন্য অপেক্ষা করার মানসিকতা যেন হারিয়ে যাচ্ছে। সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনের চেয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনায় অনন্ত সিংহের মেয়ের বিয়েতে ছড়িয়ে পড়া টাকা আর খাবার নিয়ে হুড়োহুড়ির দৃশ্য।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত