খাগড়াছড়ির রামগড়ে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অংথেপ্রু মারমা (৬৬) রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ও বিডিআরের(বর্তমান বিজিবি) প্রাক্তণ সদস্য বলে জানাগেছে।
স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, অংথেপ্রু মারমা শুক্রবার বেলা ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরার কারণে খোঁজাখুজি শুরু করেন স্বজনরা। তার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টার দিকে খবরটি স্থানীয় বিওপির বিজিবিকে জানানো হয়। পরে বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে।
থৈঅংগ্য বলেন, শনিবার ভোর বেলা থেকে পুনরায় তারা গ্রামবাসিসহ নিখোঁজ পিতার সন্ধান শুরু করেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনীনদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পায় তারা। পরে আশেপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনও রক্ত ক্ষরণ হচ্ছিলো।’
এদিকে, লাশের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে দ্রুত যায়। এর আগেই স্বজনরা নিজেরাই নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে।
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নাজির আলম বলেন, ‘নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের উপর জখমের চিহ্ন আছে। কিভাবে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনী ব্যবস্থার প্রক্রিয়া চলছে।’
বিভি/এআই













মন্তব্য করুন: