‘পোশাক শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে পলাতক স্বৈরাচার’
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে পলাতক স্বৈরাচার। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। দেশকে সুরক্ষিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সীমিত জমির সর্বোচ্চ ব্যবহারে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী।
সভায় সাংবাদিক নেতারা দশম ওয়েজবোর্ড বাস্তবায়ন, বেতন-ভাতা বৃদ্ধি, চিকিৎসা, আবাসন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। নির্যাতিত ও বেকার সাংবাদিকদের পুনর্বাসনেরও আহ্বান জানান তারা। সভায় বিশেষ অতিথি ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।পরে কয়েকজন সাংবাদিকের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিরা।
বিভি/এআই













মন্তব্য করুন: