প্রি-পেইড বিদ্যুৎ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরামর্শ ডেসকোর, কিন্তু কেন?
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। জানা গেছে, সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা প্রি-পেইড বিদ্যুৎ মিটারে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে। এ পরিস্থিতিতে এই নির্দেশনা দিয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় বিদ্যুৎ বিতরণ সংস্থাটি। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
তবে এ সমস্যা সব প্রি-পেইড মিটার ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডেসকো জানিয়েছে, যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, কেবল তাঁরাই রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার সমস্যায় পড়তে পারেন।
এ কারণে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজন অনুযায়ী মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রিচার্জ সংক্রান্ত সাময়িক অসুবিধা বা অন্য কোনো প্রয়োজনে গ্রাহকদের ডেসকোর হটলাইন ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: