চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে যুক্তরাজ্যে সংসদীয় প্রতিনিধিদল
ফাইল ছবি
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় সংসদের একটি সংসদীয় প্রতিনিধিদল। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। রবিবার দিবাগত রাত ১টায় ইকে ৫৮৫ ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।
এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ বি এম রওশন কবীর।
১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ সফরে যুক্তরাজ্য পার্লামেন্টে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। এসব কর্মসূচিতে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বিভি/বিএসএস/পিএইচ













মন্তব্য করুন: