বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও পুষ্পস্তবক অর্পণ নিশ্চিত করতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে বসানো হবে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা।
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবসের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে। সাভার জাতীয় স্মৃতিসৌধের সিসি ক্যামেরাগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।
সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। একইভাবে সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার থাকবে।
ট্রাফিক ব্যবস্থাপনায় ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি প্রস্তুত রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/এমএ/এজেড













মন্তব্য করুন: