অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের
প্রতীকী ছবি
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে ২৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। এসব উদ্যোগের আওতায় পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, কারাগারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও কার্যক্রমে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এসব প্রকল্পের মূল লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্ষমতা বাড়ানো, পুরোনো অবকাঠামো আধুনিক করা, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা এবং জননিরাপত্তা ও পুনর্বাসনসেবা সম্প্রসারণ করা।
সরকারের নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সমন্বয় বাড়াতে পরিকল্পনা কমিশন কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। একই ধরনের প্রকল্পগুলোকে একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনার মাধ্যমে কাজের পুনরাবৃত্তি কমানো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বর্তমানে ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি অবকাঠামো উন্নয়নসংক্রান্ত। এসব প্রকল্পে বরাদ্দ রয়েছে ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ এবং প্রকল্প সহায়তা ৪২ কোটি ৩০ লাখ টাকা।
তবে বরাদ্দের বিপরীতে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলনামূলক কম। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। এ অবস্থায় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
চলমান প্রকল্পের পাশাপাশি সংশোধিত এডিপির আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নয়টি অধিদপ্তর ও সংস্থা আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে এসব প্রকল্পের সুফল পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশই পুলিশের সক্ষমতা পুনরুদ্ধার ও অবকাঠামো উন্নয়নে ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় পুলিশের জন্য দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে ৪ হাজার ৩২৮ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণে ৮০০ কোটি টাকার প্রস্তাব পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
পুলিশের আধুনিকায়ন পরিকল্পনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটের জন্য স্মার্ট পুলিশিং কার্যক্রমও রয়েছে। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বাহিনীটির চলমান উদ্যোগের মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়ন। এ ছাড়া নজরদারি ও অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং উন্নত গবেষণাগারের সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও করা হয়েছে।
সমুদ্র নিরাপত্তা ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এর বাইরে ১৩টি উচ্চগতির বোট কেনার একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আওতায় ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্সসেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনসেবা সম্প্রসারণে ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি চলছে। খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাবও রয়েছে।
কারাগারের অবকাঠামো উন্নয়নেও বেশ কয়েকটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ঐতিহাসিক পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে আনসার-ভিডিপি একাডেমির অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা, জরুরি সেবা, অপরাধ তদন্ত এবং কারা ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে পারে। তবে প্রস্তাবিত প্রকল্পগুলোর বাস্তবায়ন ও চলমান প্রকল্পের অর্থ ব্যয়ের গতি বাড়ানোই হবে এ উদ্যোগের অন্যতম চ্যালেঞ্জ।
বিভি/এজেড













মন্তব্য করুন: