শিক্ষার্থীদের ১৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
প্রতীকী ছবি
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০ কম্পিউটার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহন সংকট নিরসনে ২০০টি বাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং এ বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন। বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহন সুবিধা বাড়াতে ২০০টি বাস দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। পাশাপাশি ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের নিজের হাতে ১ হাজার ৫০০ কম্পিউটার বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবে এ ধরনের চেষ্টা যে হয়নি, তা নয়। এ কারণে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের পুরো ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। ভবিষ্যতে উপজেলা পর্যায়ে সরাসরি প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র মুদ্রণের ব্যবস্থা চালুর দিকেও এগোচ্ছে সরকার।
শিক্ষার মান উন্নয়নে কোনো ধরনের দুর্বলতা বা অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, পাবলিক পরীক্ষা-সংক্রান্ত ১৯৮০ সালের আইন পরিবর্তনের পর এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন মূল্যায়নে ৪ হাজার ৫৮৫ জন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। খাতা মূল্যায়নে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা হয়। পরে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও অংশ নেয় মাত্র ৮২ জন পরীক্ষার্থী।
এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে তুলে ধরা উচিত নয়। শিক্ষাসংশ্লিষ্ট কোনো বিষয়কে বাড়িয়ে প্রচার করা জাতির জন্য ক্ষতিকর হতে পারে।
শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের কাজও চলছে বলে জানান তিনি। এ বিষয়ে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান ও শেখার প্রক্রিয়া আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করলে চলবে না। তথ্য সংগ্রহের পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তথ্যের চেয়ে জ্ঞান এবং জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনেও গুরুত্ব দিতে হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: