পুলিশ প্রশাসনে রদবদল: ৭ উর্ধ্বতন কর্মকর্তাকে নতুন পদে পদায়ন
বাংলাদেশ পুলিশের প্রশাসনিক গতিশীলতা আনতে ও জনস্বার্থে ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) মোট সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে পদায়নের এই সিদ্ধান্ত কার্যকর করতে এবং অর্পিত দায়িত্ব গ্রহণের জন্য তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়। আদেশে স্পষ্ট জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নতুন পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে। এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসান পাচ্ছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার পদ। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবি ঢাকায় এবং উচ্চশিক্ষা শেষে সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এট্যু) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে এবং কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবি ঢাকায় বদলি করা হয়েছে। একইসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) পদায়ন করা হয়েছে।
কর্মকর্তাদের কর্মস্থলে যোগদানের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন পদে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব ভার গ্রহণ না করলে ৪ অক্টোবর থেকে তারা সরাসরি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: